
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

ত্রিজগত আলো করে আছে কালো মেয়ের পায়ের শোভা। মহাভাবে বিভোর শঙ্কর, ঐ পা জড়িয়ে মনোলোভা।। দলে দলে গগন বেয়ে গ্রহ তারা এলো ধেয়ে, ঐ চরণ শোভা দেখবে বলে, ঐ পায়ের নূপুর হওয়ার ছলে সেই শোভা কেমন বলতে গিয়ে ব্রহ্ম হলো চিরমৌনী বোবা।। ঐ চরণ শোভা দেখার তরে, যোগী থাকেন ধেয়ান ধ'রে ত্রিভুবন ভুলে অনন্তকাল যোগী থাকেন ধেয়ান ধ'রে। ও শুধু চরণ শোভা নয়, ঐ যে পরব্রহ্ম জ্যোতি শ্রী চণ্ডী বেদ পুরাণে ওরই প্রেম-আরতি মা দেখ্ত যদি নিজের চরণ নিজেই দিত বিল্বজবা আপনার ঐ রাঙা পায়ে নিজেই দিত বিল্বজবা।।
রাগঃ
তালঃ ফের্তা
১.

২.

তুমি দিয়েছ দুঃখ-শোক-বেদনা, তোমারি জয় তোমারি জয়। ভালোবাস যারে কাঁদাও তাহারে ছলানাময়। তোমারি জয়, তোমারি জয়, তোমারি জয়॥ তুমি কাঁদায়েছ বসুদেব দেবকীরে, নন্দ যশোদা ব্রজের গোপীরে, কাঁদাইলে তুমি শত শ্রীমতীরে হে নিরদয়। তোমারি জয়, তোমারি জয়, তোমারি জয়॥ তোমারে চাহিয়া কোটি নয়নে বিরহ অশ্রু ঝুরে, ধরণী যে আজ ডুবু ডুবু শ্যাম সাগর সলিলে পুরে। ভক্তে কাঁদাতে হে ব্যথা বিলাসী যুগে যুগে আসি’ বাজাইলে বাঁশি তবুও এ-প্রাণ তোমারি পিয়াসি মানে না ভয়। তোমারি জয়, তোমারি জয়, তোমারি জয়।
বৈতালিক
রাগঃ
তালঃ বৈতালিক

শিউলি ফুলের মালা দোলে শারদ-রাতের বুকে ঐ এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথি কই। বকুল বনে এক্লা পাখি, আকুল হ’ল ডাকি’ ডাকি’, আমার প্রাণ থাকি’ থাকি’ তেমনি কেঁদে১ ওঠে সই।। কবরীতে করবী ফুল পরিয়া প্রেমের গরবিনী ঘুমায় বঁধু-বাহু পাশে, ঝিমায় দ্বারে নিশীথিনী। ডাকে আমায় দূরের বাঁশি কেমনে আজ২ ঘরে রই।।
১. ডেকে, ২. আর
রাগঃ সিন্ধু মিশ্র
তালঃ কাহার্বা
শিল্পীঃ

ও মেঘের দেশের মেয়ে। কোথা হ’তে এলি রে তুই কেয়াপাতার খেয়া বেয়ে।। ধারা নূপুর রুন্ঝুনিয়ে কানে কদম দুল দুলিয়ে ফুল কুড়াতে এলি কি তুই মোর কাননে ধেয়ে।। পূব-হাওয়াতে উড়ছে আঁচল নীলাম্বরী, তুমি বুঝি ভাই রূপকাহিনীর মেঘ্লা-পরী। তোর কণ্ঠে বাজে যে গান মধুর তারি’ তালে নাচে ময়ূর, মেঘ-মাদলের সাথে ওঠে আমারও মন গেয়ে।।
রাগঃ
তালঃ
দিকে দিকে পুনঃ জ্বলিয়া উঠেছে দীন-ই-ইসলামী লাল মশাল। ওরে বে-খবর, তুইও ওঠ্ জেগে, তুইও তোর প্রাণ-প্রদীপ জ্বাল।। গাজী মুস্তফা কামালের সাথে জেগেছে তুর্কী সুর্খ-তাজ, রেজা পহ্লবী-সাথে জাগিয়াছে বিরান মুলুক ইরানও আজ গোলামী বিসরি’ জেগেছে মিসরী, জগলুল-সাথে প্রাণ-মাতাল।। ভুলি’ গ্লানি লাজ জেগেছে হেজাজ নেজদ্ আরবে ইবনে সউদ্ আমানুল্লার পরশে জেগেছে কাবুলে নবীন আল-মামুদ, মরা মরক্কো বাঁচাইয়া আজি বন্দী করিম রীফ্-কামাল।। জাগে ফয়সল্ ইরাক আজমে, জাগে নব হারুন-আল্-রশীদ, জাগে বয়তুল মোকাদ্দস্ রে; জাগে শাম দেখ্ টুটিয়া নিদ জাগে না কো শুধু হিন্দের দশ কোটি মুসলিম বে-খেয়াল।। মোরা আস্হাব কাহাফের মত হাজারো বছর শুধু ঘুমাই, আমাদেরি কেহ ছিল বাদশাহ্ কোন কালে; তার করি বড়াই, জাগি যদি মোরা, দুনিয়া আবার কাঁপিবে চরণে টাল্মাটাল।।
মার্চের সুর
তালঃ দাদ্রা

কেন হেরিলাম নব ঘনশ্যাম কালারে কাল্ কালিন্দী-কূলে। (সে যে) বাঁশরির তানে সকরুণ গানে ডাকিল প্রেম-কদম্ব মূলে।। কেন কলস ভরিতে গেনু যমুনা-তীরে, মোর কলস সাথে গেল ভাসি, লাজ-কূল-মান আকুল নীরে। কলসির জল মোর নয়নে ভরিয়া সই আসিনু ফিরে।। সখি হে তোদের সে রাই নাই, গোকুলের রাই গোকুলে নাই। সে যে হারাইয়া গেছে শ্যামের রূপে লো নবীন নীরদে বিজলি প্রায়। সে রবি-শশী সম ডুবিয়া গেছে লো সুনীল রূপের গগন-গায়।। হরি-চন্দন-পঙ্কে লো সখি শীতল ক’রে দে জ্বালা, দুলায়ে দে গলে বল্লভ-রূপী শ্যাম পল্লব মালা। নীল কমল আর অপরাজিতার, শেজ্ পেতে দে লো কোমর বিথার পেতে দে শয্যা পেতে দে, নীল শয্যা পেতে দে পেতে দে! পরাইয়া দে লো সখি অঙ্গে নীলাম্বরী, জড়াইয়া কালো বরণ আমি যেন মরি।।
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan