স্বপনের ফুলবনে যেদিন দেখিনু

বাণী

স্বপনের ফুলবনে যেদিন দেখিনু রূপরানী তোমায়।
চকিতে ঐ চোখে তোমার শরমের কোন হাসি লুকায়।।
নিরালার কুঞ্জ বীথিকায় সে প্রথম প্রেম নিবেদনে
দেখেছি ঐ অধর কোণে সে-ভীরু কোন হাসি পালায়।।
বিদায়ের সে-বেদন বেলায় মানা না মানলে আঁখি-জল
ভোরে ম্লান চাঁদসম সখি বিমলিন কোন হাসি লুকায়।।
আজ আর নাই হাসি খেলা নিভেছে সে-উজল আলো
ভাবি আজ সব চেয়ে তোমার ভুলালো কোন্‌ হাসি আমায়।।

প্রিয়তম হে বিদায়

বাণী

	প্রিয়তম হে, বিদায়
আর	রাখিতে নারি, আশা-দীপ নিভে যায় দুরন্ত বায়।।
	কত ছিল বলিবার, হায় হ’লো না বলা
	ঝুঁরিতেছে চামেলির বন উতলা
যেন	অনন্ত দিনের দিকে হায় হায়।।
কে	কাঁদে দিকে দিকে হায় হায়।।
	রহিল ছড়ানো মোর প্রাণের তিয়াস হুতাস পবনে;
	জড়ানো রহিল মোর করুণ প্রীতি ধূসর গগনে।
	তুমি মোরে স্মরিও
যদি	এই পথে কোনদিন চলিতে প্রিয়
	নিশিভোরে ঝরা ফুল দ’লে যাও পায়।।