
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

খোল খোল খোল গো দুয়ার। নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার।। সঙ্কেত-বাঁশরি বনে বনে বাজে মনে মনে বাজে। সজিয়াছে ধরণী অভিসার-সাজে। নাগর-দোলায় দুলে সাগর পাথার।। জেগে ওঠে কাননে ডেকে ওঠে পাখি চোখ গেল, চোখ গেল, চোখ গেল! অসহ রূপের দাহে ঝলসি’ গেল আঁখি, চোখ গেল, চোখ গেল, চোখ গেল! ঘুমন্ত যৌবন, তনু মন, জাগো! সুন্দরী, সুন্দর-পরশন মাগো। চল বিরহিণী অভিসারে বঁধুয়ার।।
রাগঃ আড়ানা
তালঃ কাওয়ালি
শিল্পীঃ জয়শ্রী চৌধুরী ত্রিবেদী
খোদার রহম চাহ যদি নবীজীরে ধর। নবীজীরে মুর্শিদ কর নবীর কলমা পড়।। আল্লা যে ভাই অসীম সাগর কয়জন জানে তাঁহার খবর, (যদি) এ সাগরে যাবে, নবী নামের নায়ে চড়।। নবীর সুপারিশ বিনা আল্লার দরবারে কেউ যেতে নাহি পারে, ও ভাই আল্লা যেন সুর সেই সুরে সুমধুর বাজে নবীর বীণা তারে। আল্লা নামের ঝিনুকে ভাই মুক্ত যেন নবী আল্লা নামের আসমানে ভাই নবী যেন রবি, প্রিয় মোহাম্মদের নামরে ভাই আল্লা তালার চাবি খোদা দয়া করবেন সদা নবীরে সার কর।।
রাগঃ
তালঃ
খুশি লয়ে খুশরোজের আয় খেয়ালি খুশ্-নসীব। জ্বাল্ দেয়ালি শবেরাতের জ্বাল রে তাজা প্রাণ প্রদীপ।। আন্ নয়া দ্বীনী ফরমান দরাজ দিলে দৃপ্ত গান, প্রাণ পেয়ে আজ গোরস্থান তোর ডাকে জাগুক নকীব।। আন্ মহিমা হজরতের শক্তি আন্ শেরে খোদার, কুরবানী আন্ কারবালার আন্ রহম মা ফাতেমার, আন্ উমরের শৌর্য বল সিদ্দিকের আন্ সাচ্চা মন, হাসান হোসেনের সে ত্যাগ শহীদানের মৃত্যুপণ, রোজ হাশরে করবেন পার মেহেরবান খোদার হাবিব।। খোৎবা পড়বি মসজিদে তুই খতীব নূতন ভাষায়, শুষ্ক মালঞ্চের বুকে ফুল ফুটাবি ভোর হাওয়ায়, এস্মে-আজম এনে মৃত মুসলিমে তুই কর সজীব।।
রাগঃ কাফি
তালঃ কাহার্বা

খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা। কাঁদিও না, কাঁদিও না — তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা।। খেলো খেলো তুমি আজো বেলা আছে খেলা শেষ হলে এসো মোর কাছে, প্রেম-যমুনার তীরে ব’সে রব লইয়া শূন্য ভেলা।। যাহারা আমার বিচার করেছে — ভুল করিয়াছে জানি, তাহাদের তরে রেখে গেনু মোর বিদায়ের গানখানি। হই কলঙ্কী, হোক মোর ভুল বালুকার বুকে ফুটায়েছি ফুল, তুমিও ভুলিতে নারিবে সে-কথা — হানো যত অবহেলা।।
পাঠান্তর
খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা। কাঁদিও না, কাঁদিও না — তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা।। খেলো খেলো তুমি আজো বেলা আছে খেলা শেষ হলে এসো মোর কাছে, প্রেম-যমুনার তীরে ব’সে রব লইয়া শূন্য ভেলা।। যাহারা আমার বিচার করেছে আর তাহাদের কেহ, দেখিতে পাবে না কলঙ্ক কালিমাখা মোর এই দেহ। হই কলঙ্কী, হোক মোর ভুল পৃথিবীতে আমি এনেছি গোকুল, তুমিও ভুলিতে নারিবে সে-কথা — হানো যত অবহেলা।।
[গানটি ১৯৬৫ সালে জগন্ময় মিত্রের কণ্ঠে রেকর্ডের সময় প্রশিক্ষক কমল দাশগুপ্ত বাণীর কিছু পরিবর্তন করেছিলেন।
যথা: ১. খেলা শেষ হলে যেয়ো, যেয়ো মোর কাছে, ২. হোক অপরাধ হোক মোর ভুল]
রাগঃ
তালঃ দাদ্রা
খোদায় পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা খোদায় ভুলিয়া ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা।। খোদার নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে দেশে দেশে ফেরে ভোগ বিলাসের মোহে ভুলে, হায় নিল বন্ধন কারা।। খোদার সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন দুঃখ রোগে শোকে অটল যাহারা রহিত সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কাড়িয়া লয়েছে ঈমান তাদের খোদায় হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা।।
রাগঃ
তালঃ দাদ্রা

খোদা এই গরীবের শোন শোন মোনাজাত। দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ-ভাত।। মাঠে সোনার ফসল দিও, দিও গৃহ ভরা বন্ধু প্রিয়, দিও হৃদয় ভরা শান্তি দিও – (খোদা) সেই তো আমার আবহায়াত।। আমায় দিয়ে কারুর ক্ষতি হয় না যেন দুনিয়ায়, আমি কারুর ভয় না করি, মোরেও কেহ ভয় না পায়, খোদা। (যবে) মস্জিদে যাই তোমারি টানে (যেন) মন নাহি ধায় দুনিয়া পানে আমি ঈদের চাঁদ দেখি যেন আস্লে দুখের আঁধার রাত।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan