
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

আজি পিয়াল ডালে বাঁধো বাঁধো ঝুলনা। পড় ধানী শাড়ি, মেঘ-রঙ ওড়না।। জলদ-তাল বাজে শ্রাবণ-মেঘে তরুরে জড়ায়ে দোলে বন-লতা পবন বেগে মনের মাঝে দোলে মিলন-বিরহ-দোলনা।। শান্ত আকাশে আজি বেদনা ঘনায় কত কি বলিতে চায় শ্রাবণ-ধারায়, (তার) তবু মনের কথা বলা হ'ল না।। তমাল-কুঞ্জে চল চল দুলিতে, গাহ ঝুলনের গান ব্রজ-বুলিতে, আজি আসে মনে বৃন্দাবনের তুলনা।।
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দ্রুত-দাদ্রা)

আল্লা ব’লে কাঁদ বারেক্ রসুল ব’লে কাঁদ্। সাফ্ হবে তোর মনের আকাশ উঠবে ঈদের চাঁদ।। ভোগে কেবল দুর্ভোগ সার, বাড়ে দুখের বোঝা ত্যাগ শিখ্ তুই সংযম শিখ, সেই তো আসল রোজা, এই রোজার শেষে ঈদ আস্বে, রইবে না বিষাদ।। আস্বে খোদার দরগা থেকে শিরনি তোর তরে কমলিওয়ালা নবীর দেখা পাবি রে অন্তরে, খোদার প্রেমের স্রোত বইবে ভেঙ্গে মনের বাঁধ।। তোর হৃদয়ের কারবালাতে বইবে ফোরাত নদী শহীদের দর্জা তোরে দেবেন আল্লা হাদী, দুনিয়াদারি ক’রেই পাবি বেহেশ্তেরি স্বাদ।।
রাগঃ
তালঃ কাহার্বা

তুমি বেণুকা বাজাও কার নাম লয়ে শ্যাম — মোর সাধ যায় হরি আমি যদি সেই কিশোরী হইতাম।। সেই প্রেম মোরে দাও গো শ্রী হরি, যে প্রেমে নেমে আস রূপ ধরি', যে প্রেমে কাঁদো যমুনার তীরে তুমি লয়ে 'রাধা রাধা' নাম।। সেই প্রেম দাও যে প্রেমে ভোল তুমি হে শ্রী ভগবান, রাধার দুয়ারে ভিক্ষা চাহিয়া নিতি সহ অপমান। মোর আঁখি হয়ে উঠুক কমল, দাও প্রিয় মোরে সেই আঁখিজল; দাও সে বিরহ যে বিরহে এই ধরা হয় ব্রজধাম।।
রাগঃ
তালঃ দাদ্রা

আসিবে তুমি, জানি প্রিয়! আনন্দে বনে বসন্ত এলো — ভুবন হ’ল সরসা প্রিয়–দরশা, মনোহর।। বনান্তে পবন অশান্ত হ’ল তাই, কোকিল কুহরে, ঝরে গিরি–নির্ঝরিণী ঝর ঝর।। ফুল্ল–যামিনী আজি ফুল–সুবাসে চন্দ্র অতন্দ্র সুনীল আকাশে, আনন্দিত দীপান্বিত অম্বর।। অধীর সমীরে দিগঞ্চল দোলে মালতী বিতানে পাখি পিউ পিউ বোলে, অঙ্গে অপরূপ ছন্দ আনন্দ–লহর তোলে; দিকে দিকে শুনি আজ আসিবে রাজাধিরাজ প্রিয়তম সুন্দর।।
রাগঃ পটমঞ্জরী
তালঃ ত্রিতাল
নাচিছে নটনাথ, শঙ্কর মহাকাল। লুটাইয়া পড়ে দিবা-রাত্রির বাঘছাল আলো-ছায়ার বাঘ ছাল।। ফেনাইয়া ওঠে নীল-কণ্ঠের হলাহল, ছিঁড়ে পড়ে দামিনী অগ্নি-নাগিনী দল। দোলে ঈশান-মেঘে ধূর্জটি-জটাজাল।। বিষম ছন্দে বোলে ডমরু নৃত্য-বেগে, ললাট-বহ্নি দোলে প্রলয়ানন্দে জেগে। চরণ-আঘাত লেগে শ্মশানে কঙ্কাল।। সে নৃত্য-ভঙ্গে গঙ্গা-তরঙ্গে সঙ্গীত দুলে ওঠে অপরূপ রঙ্গে, নৃত্য-উছল জলে বাজে জলদ তাল।। সে নৃত্য-ঘোরে ধ্যান-নিমীলিত ত্রিনয়ন প্রলয়ের মাঝে হেরে নব সৃজন-স্বপন, জোছনা-আশিস্ ঝরে উছলিয়া শশী-থাল।।
নাটকঃ ‘আলেয়া’
রাগঃ মাঢ় মিশ্র
তালঃ কাওয়ালি
ডাল মেল, পত্র মেল, ওরে তরুলতা! কইতে পার, কইতে পার আমার প্রাণের বন্ধু গেল কোথা (রে)।। ও তরু, তোর পাতার কোলে ফোটা ফুলের হাসি দোলে (রে)। সে কি তোর কুসুমের মালা গলে বসেছিল হোথা (রে)।। তোর ফুল ঝরে যে যথা তোর ছায়া থাকে যথা। ঢেউ-এর মালা গলায় পরে নাচিস নদী জল, তরী বেয়ে বন্ধু আমার কোথায় গেল বল। চাঁদের তিলক প’রে আকাশ হেসে হেসে কেন তাকাস্? তোর চাঁদ কি জানে, মোর আকাশের চাঁদেরই বারতা।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan